ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। বুধবার ( ২০ জুলাই) রাজধানীর বিভন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার ( ২১ জুলাই) দুপুরে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সোহেল আহমেদ পল্লব, পলাশ শেখ, মাসুদ রানা ও রবিন হালদার পরেশ। এ সময় তাদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ পাঁচ লাখ টাকা জব্দ করা হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘টিটু প্রধানীয়া রাজধানীর তাঁতীবাজার এলাকার ধানসিঁড়ি চেইন অ্যান্ড বল হাউজ নামে একটি স্বর্ণালংকারের দোকানে চাকরি করেন। ওই স্বর্ণের দোকানে তৈরি গহনা তিনি দেশের বিভিন্ন জুয়েলারি দোকানে সরবরাহ করেন। গত রোববার সকালে একটি স্কুলব্যাগে করে স্বর্ণালংকার নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরের বিভিন্ন স্বর্ণের দোকানে সরবরাহ করতে যাচ্ছিলেন টিটু প্রধানীয়া।’
হারুন আরও বলেন, ‘টিটু প্রধানীয়া গাবতলী টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা চার-পাঁচজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোর করে টিটুর কাছে থাকা স্বর্ণালংকারের ব্যাগ ছিনিয়ে নেন। ওই ঘটনায় টিটু প্রধানীয়া দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা করেন।’
ডিবির প্রধান বলেন, ‘মামলটি ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়। গতকাল বুধবার ধারাবাহিক অভিযানে সদরঘাট ও মেরাদিয়া এলাকা থেকে সোহেল, পলাশ, মাসুদ ও রবিনকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দাবি করে হারুন বলেন, ‘তাদের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’























































