শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনী থেকে ‘অপহৃত’ কিশোরী কুমিল্লায় উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজী উপজেলা থেকে সাড়ে তিন মাস আগে অপহৃত এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

শনিবার ( ২৩ জুলাই) কুমিল্লা জেলার গৌরীপুর বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন জানান।

২১ বছর বয়সী গ্রেপ্তার ওই যুবকের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। কুমিল্লার কোতোয়ালি থানার কান্দিরপাড়  শিবির জলা মুড়ি ফ্যাক্টরি সামনে একটি বাসায় থাকতো সে।

ছেলেটি সম্পর্কে ১২ বছর বয়সী কিশোরীর চাচাতো ভাই হয়। তাই তার নাম-পরিচয় প্রকাশ করা হলো না।

ওসি বলেন, মেয়েটি গত ৭ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় ওঁৎ পেতে থাকা ওই যুবক ও তার সহযোগীরা ফেনী-পরশুরাম সড়ক থেকে মেয়েটিকে অপহরণ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিকালে মেয়েটি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে তারা অপহরণের বিষয়টি জানতে পেরে থানায় মৌখিক অভিযোগ করেন। পরে ঘটনার ১৮ দিন পর মেয়েটির বাবা বাদি হয়ে তার আপন ভাতিজার নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানার মামলা করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় ছেলেটির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।

ছেলেটিকে শনিবার ( ২৩ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়ে মেয়েটির জবানবন্দিও গ্রহণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া ফেনী জেনারেল হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা শেষে রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি