ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় রেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ তরুণ নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। গত রাতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নের খন্দকিয়া গ্রামের আরএনজি কোচিং সেন্টারের আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সাথে শিক্ষকরা যাচ্ছিলেন মিরসরাইয়ের খৈয়াছড়ায় শিক্ষা সফরে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়ার খৈয়াছড়া ঝরনার রাস্তার মুখে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী ৪ শিক্ষকসহ ১১ জন প্রাণ হারান। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে ৪ শিক্ষকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোস্তাফা মাসুদ রাকিব হোসেন, সজিব, রিদোয়ান, জিসান। নিহত শিক্ষার্থীদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোহাম্মদ ইমন, হাসান, আয়াত, তাসনিম, মারুফ, হিসাম।
চট্টগ্রাম রেলওয়ের ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, প্রভাতী ট্রেনটি মিরসরাইয়ের বড়তাকিয়া ক্রস করছিল। এসময় গেইটমেইন লাল পতাকা উড়িয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়।























































