ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চরভূতা গ্রামের বাড়ির পাশের খালি জমি থেকে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুরে ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
নিহত আমেনা বেগম (৩০) চরভূতা গ্রামের হেজু মাস্টার বাড়ির কৃষক দিদার হেসেনের স্ত্রী। তিনি তিন কন্যা শিশুর জননী।
জানা গেছে, আজ শনিবার (৩০ জুলাই) স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে যান। এ সময় তিনি আমেনার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আমেনার মরদেহ শনাক্ত করে। এ সময় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আমেনাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বাড়ির পাশের জমিতে ফেলে রাখা হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় দেখা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


















































