মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চুলায় ভাতের পাতিল রেখে ফাঁসিতে ঝুলে ৩ সন্তানের জননীর আত্মহত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চুলায় ভাতের পাতিল রেখে গলায় ফাঁস দিয়ে রেনু বেগম (৪৯) নামের এক তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম একই এলাকার রহিজ উদ্দিনের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই জিন্নাহ আলী বলেন, আমার বোন রেনু বেগম ৪ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার (৮ আগস্ট) বোনের জানাজায় গিয়েছিল নিহত রেনু বেগমের স্বামী রহিজ ও তার দুই ছেলে-মেয়ে। বাড়িতে একাই ছিলেন রহিজের স্ত্রী। পরে আজ সকালে ঘরের ধন্নার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন রেনু।

নিহতের মা বলেন, আমার মেয়েটি মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতো। এ নিয়ে চিকিৎসা করাতে চাইলেও সে চিকিৎসা করতে চাইতো না। আজ সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল। একপর্যায়ে চুলায় ভাতের পাতিল রেখেই পরিবারের লোকজনদের চোখ ফাঁকি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রেনু।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি