ডেস্ক রিপোর্ট:
আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
বেশিরভাগ রাজনৈতিক দলের আপত্তি থাকার পরও আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শতাধিক আসনে ইভিএম ব্যবহারের করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ একথা জানান।
তিনি আরও বলেন, বর্তমানে ইসির কাছে থাকা ইভিএম দিয়ে সর্বোচ্চ ৭০-৭৫টি আসনে ইভিএম ব্যবহার করা যাবে। আর বাকী আসনের জন্য ইভিএম কিনতে প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
অশোক দেবনাথ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা আমলে নিয়ে সবদিক বিবেচনা করেই কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কমিশন সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চল বাদে ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।





















































