ডেস্ক রিপোর্ট:
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ( ২৪ আগষ্ট) দুপুর ১টায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরিন মাহবুব।
তিনি জানান, বেশ কয়েক বছর ধরে মাহবুব তালুকদার মূত্রথলির ক্যানসারসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি এভারকেয়ার হাসপালে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থা ভালো হওয়ায় সেখান থেকে বাসায় নিয়ে এসেছিলাম। আজ হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহবুব তালুকদারের ৩ সন্তান। তার বড় মেয়ে ডা. আইরিন মাহব্বু বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় ও ১ জন আমেরিকায় থাকেন।
মাহবুব তালুকদার তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। তার পরিচিতি শুধু সাবেক সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনারই নয়, তিনি বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ লেখকও।





















































