ডেস্ক রিপোর্ট:
প্রেমের টানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে আসে পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরী। তবে তাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ওই কিশোরীকে ফরিদপুর আদালতে তোলা হলে তাকে কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পূজা বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বোয়ালমারীতে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশী (২১) ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই কিশোরীকে গতকাল শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসেন তিনি। তিনি ওই কিশোরীকে তার ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে ওঠান।
শুক্রবার রাতে সেখানে তাদের বিয়ের আয়োজন চলে। তবে রাত ১১টার দিকে বিয়ের আসর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তনময়কে আটক করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাছাড়া মেয়েটির কাছে কোনো পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তনময় রাজবংশী তাকে ফুঁসলিয়ে কী কারণে এদেশে এনেছে সে জন্য তনময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।


















































