শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » প্রতিবেশীর সন্তানকে ধার করে মাতৃত্বকালীন ছুটি কাটানো সেই শিক্ষিকা বহিষ্কার


প্রতিবেশীর সন্তানকে ধার করে মাতৃত্বকালীন ছুটি কাটানো সেই শিক্ষিকা বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

প্রতিবেশীর সন্তানকে ধার করে এনে নিজের দাবি করে মাতৃত্বকালীন ছুটি কাটানো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আলেয়া ছালমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের এ কথা বলা হয়।

আলোচিত স্কুল শিক্ষিকা আলেয়া সালমাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর (৩) ধারা মোতাবেক তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

দীর্ঘ একমাসের অনুসন্ধানের পর গত ৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেশীর সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ করার সংবাদটি প্রচারিত হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। একই দিন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমানকে দেয়া হয় তদন্তের দায়িত্ব।

দু’দিনের টানা তদন্তে সংবাদের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি। পরে সেই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। যা আজ ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম শিক্ষিকার বরখাস্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও যারা ছুটি নেবার বিষয়ে ওই শিক্ষিকাকে সহযোগিতা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আলেয়া সালমা শাপলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী শফি আহমেদ স্বপন বগুড়ার গাবতলী উপজেলা কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। অভিযুক্ত শিক্ষিকা তার নিকটতম এক প্রতিবেশীর শিশুকে নিজের নবজাতক সন্তান দাবি করে চলতি বছরের ১৪ মার্চ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। থাকছেন স্বামীর সঙ্গে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের বাড়িতে। ওই শিশুটি তাদের প্রতিবেশী আনিছুর রহমান পাশা ও শারমীন দম্পতির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি