রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের গৌরীপুরে জুয়েলার্সের দোকানে সোনা কেনাবেচার দরদামকে কেন্দ্র করে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর থানার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গৌরীপুর পৌর শহরের কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বোকাইনগর ইউনিয়নের মো. মোখলেছুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম মিঠু (২৮)। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্স সমাজকর্ম বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. মেহজাবিন জানান, হাসপাতালে আনার আগেই মিঠু মারা গেছেন।

নিহতের চাচা দেলোয়ার হোসেন জানান, পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার এলবার্ট বাদল ডেভিডের বড় ছেলে এলবার্ট সেন্টু ডেভিট স্বর্ণের অলংকার তৈরি করতে পার্শ্ববর্তী টিপু সুলতান জুয়েলার্সে আসে। পরে স্বর্ণের দরদাম করাকে কেন্দ্র করে, দোকানের মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় নিহতের চাচা দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে আসে। এরপরেই এলবার্ট সেন্টু ডেভিটের ছোট ভাই এলবার্ট রকি ডেভিড দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবারও বাকবিতণ্ডা শুরু করে। এ সময় তাদের ঝগড়া থামাতে যায় দেলোয়ার হোসেনের আরেক ভাতিজা জহিরুল ইসলাম মিঠু। ডেভিড রকি এক পর্যায়ে মিঠুকে ছুরিকাঘাত করে। পরে দেলোয়ার ভাতিজাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা এলাকায় লাঠিসোটা নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের মধ্যবাজারে একটি দোকানে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। এ সময় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, রকি’র বিরুদ্ধে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্কুলছাত্র কালাচান হত্যা মামলা রয়েছে।

গৌরীপুর থানার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি