ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের শ্রীপুরের এসএসসি পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককেও বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ সেপ্টেম্বর) তাদেরকে বহিষ্কার করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন: ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন ও রাকিব হাসান। তারা ওই বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র। অপরদিকে বহিষ্কৃত শিক্ষক দুজন শৈলাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে দুই শিক্ষার্থী। পরে তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দুই শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে। আর দায়িত্বে অবহেলার কারণে একই ঘটনায় কেন্দ্রের পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
























































