সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, গ্রেফতার ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরগ্যাঙয়ের ছুরিকাঘাতে মো. জোবায়ের (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহজাহানের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে রাকিব ও পলাশ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত জোবায়ের বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে এবং নোয়াখালীর সোনাপুর আইডিয়াল পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। তারা নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহজাহানের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালের দিকে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে নিহত জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর কিশোর গ্যাঙয়ের আট থেকে দশ সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি