বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজ ফ্ল্যাট থেকে যুবলীগ নেতার বিবস্ত্র মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনায় একটি ফ্ল্যাট থেকে তৌফিকুল ইসলাম টিটু (৪৩) নামের এক যুবলীগ নেতার বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের আরামবাগ এলাকার হেলাল প্লাজায় ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

টিটু জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি সদর উপজেলার মেদনী ইউনিয়নের বাহিরচাপড়া গ্রামের মৃত শামছুল ইসলাম মানিকের ছেলে। তিনি একজন ঠিকাদার ব্যবসায়ী।

স্বজনরা জানান, গত ছয় বছর ধরে স্ত্রীসহ শহরের আরামবাগ এলাকার হেলাল প্লাজার ৪ তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন তৌফিকুল। তার ৭ বছর বয়সী পৃথা নামে একটি কন্যা সন্তান রয়েছে। গত এক সপ্তাহ আগে টিটুর স্ত্রী লাবণ্য মেয়েকে নিয়ে শেরপুর বাবার বাড়ি বেড়াতে যান। স্ত্রী লাবণ্য ৫ মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন বলে জানায় স্বজনরা।

টিটুর চাচাতো ভাই জানান, খালি বাসায় সন্ধ্যায় ঠিকাদারি কাজের সহযোগী আবুনি নামের একজন টিটুকে ডাকতে যায়। সে সময় দরজা খোলা অবস্থায় দেখেন যে তার ভাই ঘরের বিছানার নিচে বিবস্ত্রভাবে পড়ে আছেন।

ফ্ল্যাট মালিক মারুফ হাসান জানান, সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে বাসার কেয়ারটেকার কাছে খবরটি শোনার পর গিয়ে দেখেন দরজা খোলা, মরদেহ নিচে পড়ে রয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘আমরা ৮টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি