শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাস মহামারি কাটিয়ে টানা দুই বছর পর তুরাগ তীরে টঙ্গীর মাঠে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও দুই দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফা হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। আর দ্বিতীয় দফা হবে ২০ থেকে ২২ জানুয়ারি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সংক্রান্ত বৈঠক শেষে এ সব তথ্য জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের মতো টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর আগে বিশ্ব ইজতেমা নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়। তখন আমরা দুই গ্রুপের নেতাদের ডেকে বলেছিলাম যে একসঙ্গে ইজতেমা করলে সেটা কিভাবে করবেন, আর যদি আলাদা করেন তাহলে কে আগে এবং কে পরে সেটা জানান। তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তারপর আমরা দুই গ্রুপের জন্য দুইটি তারিখ আগের বারে ঠিক করে দিয়েছিলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এবারও একসঙ্গে করতে রাজী হননি। এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে।

প্রথম পক্ষ ইজতেমা শেষে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবেন। তারা দ্বিতীয় দফা ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি