বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শীতলক্ষ্যায় নৌকাডুবি: ৩ শিক্ষার্থীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন শাওন, জিম ও রিফাত।

তিনজনই নারায়ণগঞ্জ শহরের ডনচম্বোর এলাকার বাসিন্দা এবং বার একাডেমি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিন সহপাঠী নবীগঞ্জ কদমরসূল দরগাহর মেলায় গিয়েছিল, ফেরার পথে এ নৌ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক ফোরকান জানান, নবীগঞ্জের মেলা থেকে বাসায় ফেরার জন্য বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে নদী পার হয়ে হাজীগঞ্জ ঘাটের দিকে আসছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে আর কেউ নিখোঁজ নেই বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি