ডেস্ক রিপোর্ট:
গাজীপুরে রাস্তার পাশে ফেলে রাখা ওয়্যারড্রবের ভেতর থেকে হাত-পা বাঁধা সাবিনা বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি সিকদার মার্কেটের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাবিনা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, একটি ওয়্যারড্রব রাতের অন্ধকারে কে বা কারা রেখে যায়। এলাকার লোকজন এটি দেখে সন্দেহ হলে জয়দেবপুর থানাকে জানায়। পুলিশ ওয়ারড্রবটি খুলে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
স্থানীয় গ্রাম পুলিশ রেজাউল ইসলাম মরদেহটি শনাক্ত করেন। তিনি জানান, মরদেহটি তার জামাতা জসিমের বোন সাবিনা বেগমের।
নিহতের ভাই জসিম জানান, সাবিনা নাওজোডর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করতেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















































