ডেস্ক রিপোর্ট:
দেশের বিভিন্ন জেলায় ‘জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ এর নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাত সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা খন্দকার আবুল কালাম আজাদকে রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
কামান্ডার মঈন জানান, এই প্রতারক ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে প্রতিষ্ঠান খুলে মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার সাধারণ পেশাজীবী মানুষের বিশ্বাস অর্জন করে প্রায় ৭০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। অফিস পরিচালনার দায়িত্বেও ছিলেন তার পরিবারের সদস্যরা।
র্যাব জানায়, গ্রাহকের টাকায় কুষ্টিয়াতে ১৫ বিঘা জমি, একটি ৬তলা ভবন, একটি ইটের ভাটা এবং রাজশাহীতে ১১ বিঘা জমি ক্রয় করে। এ প্রতিষ্ঠানের অন্যান্য আসামিদের ধরার প্রক্রিয়া চলছে চলে জানিয়েছে র্যাব।





















































