শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু : আরও বাধ্যতামূলক অবসর আসছে


প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু : আরও বাধ্যতামূলক অবসর আসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২২

নিজস্ব প্রতিবেদক:

প্রশাসন এবং পুলিশ প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে যে সমস্ত সরকারি কর্মকর্তারা নানারকম ষড়যন্ত্র করছে, কর্তব্যে অবহেলা করছে এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এরকম ৫ শ্রেণীর সরকারি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তিন রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশ প্রশাসনে একটি ক্লিন ইমেজ তৈরি করতে চায়, দুর্নীতিমুক্ত করতে চায়, জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। আর এ কারণেই প্রশাসন এবং পুলিশ প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। গত রোববার তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকেই সচিবালয় নানারকম আলোচনা-গুঞ্জন চলছে। তবে সরকারের একাধিক সূত্র বলছে যে, সরকার যে শুদ্ধি অভিযান করবে সেখানে সচিব পদে আর কাউকে আপাতত বাধ্যতামূলক অবসরে দেওয়ার চিন্তা-ভাবনা নেই। তবে সচিব পদে আগামী ডিসেম্বরের মধ্যে একটি বড় ধরনের রদবদল হতে পারে। সচিব পদে নিয়োগের ক্ষেত্রে এখন রাজনৈতিক অঙ্গীকার, দক্ষতা এবং সততা দেখা হবে। সাম্প্রতিক সময় শুধু সততার জন্যই গৃহায়ন গণপূর্ত বিভাগে কাজী ওয়াছি উদ্দিনকে সচিব নিয়োগ করা হয়েছে। সামনের দিনগুলোতে এই যোগ্যতাগুলো দেখা হবে। পাঁচটি শ্রেণী বিন্যাস করা হয়েছে যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পাঁচটি বিন্যাস এর মধ্যে রয়েছে-

১. যারা বিএনপি-জামায়াতের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন: প্রশাসনে এখনও বেশকিছু কর্মকর্তা রয়েছে যারা বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে গোপনে কাজ করছেন সচিবালয়ে তারা এখনো সক্রিয় হয়ে উঠছে। এদের অধিকাংশই সুপার সিটেট হয়েছেন। নবম ব্যাচ এবং দশম ব্যাচের বেশকিছু কর্মকর্তা এখনও যুগ্ম-সচিব, উপ-সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে আছেন। এদের একটি অংশ সরাসরি বিএনপি-জামায়াত ঘরানার কর্মকর্তা হিসেবে চিহ্নিত এবং পরিচিত। এরা বিএনপি-জামাতের আমলে বিভিন্নভাবে সুবিধাভোগী ছিল। এদের মধ্যে যাদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই এদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২. দুর্নীতিবাজ কর্মকর্তা: অনেক কর্মকর্তা যারা আওয়ামী লীগের পরিচয় দিচ্ছে তারা ছাত্রলীগ বা আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে বিভিন্ন রকমের পদোন্নতি পেয়েছে। কিন্তু ব্যাপক দুর্নীতির কারণে তারা আলোচিত। এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই তালিকায় সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এদেরকে এখনো বাধ্যতামূলক অবসর দেওয়ার চিন্তাভাবনা নেই। তবে এদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। তবে সরকারের কোনো কোনো মহল বলছে যে, এদেরকে যে বাধ্যতামূলক অবসর দেয়া হবে না এমন কেউ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

৩. দায়িত্ব পালনে অবহেলা এবং অযোগ্যতা: প্রশাসনের ভেতর অনেকের গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই কর্তব্যে অবহেলা করছেন, দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। সেই ধরনের কর্মকর্তাদেরও চিহ্নিত করা হয়েছে। এদের কেউ সতর্ক করা হবে এবং ভবিষ্যতে পদোন্নতির ক্ষেত্রে তাদের ব্যাপারে চিন্তাভাবনা করা হবে বলে জানা গেছে।

৪. সরকারি কাজে অসহযোগিতা: প্রশাসনের ভেতরে এখন সরকারি কাজে এক ধরনের অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক কর্মকর্তার অনেক কর্মকর্তা সরকারের নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় করছেন না এবং যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। এক্ষেত্রে তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা চলছে।

৫. সরকারের তথ্য পাচার: বিভিন্ন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এরকম বেশকিছু কর্মকর্তা এখন নজরদারিতে রয়েছেন। তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে বাধ্যতামূলক অবসরকে বিবেচনা করা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। এছাড়াও দুই ধরনের শাস্তির চিন্তাভাবনা চলছে সরকারের ভেতর। একটি হলো যারা সচিবের পদে আছে তাদের পদোন্নতি বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া। আর যারা সচিব পদে আছেন তাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া। প্রশাসনের এই শুদ্ধি অভিযানের ফলে প্রশাসনের একটা নতুন ধরনের চেহারা আসবে বলেই সরকারের দায়িত্বশীল মহল মনে করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি