ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নম্বর ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)। নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে ইয়াছিন ঘটনাস্থলে মারা যান। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এডিআইজি বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এসব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা।
এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে এপিবিএন পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান সৈয়দ হারুন অর রশীদ।
এর আগে গতকাল বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।























































