শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাড়ে ৪ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করল মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

সাড়ে চার বছরের শিশু কনিকা পাল ওরফে হিয়াকে গলায় মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ মা মৌমিতা পাল। মেয়েকে হত্যার পর তিনি স্বেচ্ছায় জয়পুরহাট থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

জয়পুরহাট শহরের বারিধারা মহল্লায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

মৌমিতা পাল সোনালী ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের স্ত্রী। তারা শহরের বারিধারা মহল্লায় (একই এলাকার) ভাড়া বাসায় থাকতেন।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মা মৌমিতা পাল পারিবারিক নির্যাতনসহ নানা কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার স্বামী নয়ন কুমার পাল তার কর্মস্থলে (সোনালী ব্যাংক পাঁচবিবি শাখা) গেলে স্ত্রী মৌমিতা পাল বাসায় মোবাইল চার্জারের তার দিয়ে মেয়ে হিয়ার গলায় ফাঁস দিয়ে হত্যা করেন।

পরে তিনি নিজেই থানায় এসে হত্যার বিষয়টি পুলিশকে জানান। এর পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি