ডেস্ক রিপোর্ট:
রাজধানীর পল্লবী এলাকায় স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় দুই ভাইসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নান্নু মিয়া ও তার স্ত্রী শাহিনুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাস কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড পাওয়া আসামিরা হলেন, ফয়সাল, দুইভাই আশিক ও রাসেল, ওলি, সাদ্দাম, রাব্বি, ইমরান ও রাশিদ। এদের মধ্যে ওলি বাংলাদেশি। অপর ৭ জনই বিহারি।
যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে বিচারক তেহসিন ইফতেখার বলেন, এটি একটি হত্যা মামলা। যার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তবে আসামিদের বয়স কম হওয়ায় এবং পূর্বে কোনো মামলা না থাকায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তবে আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক লাল জানান, ‘রায়ে আমরা খুশি হতে পারিনি। উচ্চ আদালতে আপিল করব।’ গত ১১ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায়ের তারিখ ধার্য করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোশারফ হোসেনের ছেলে মেহেদীকে ডেকে পাশের একটি ভবনে নিয়ে যান আসামি ওলি। মেহেদীর ভাগনে অনিক ঘটনাটি দেখতে পেয়ে সবাইকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মেহেদী অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাকে মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেহেদীর বাবা মোশারফ ওই বছরের ১ অক্টোবর পল্লবী থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, মাদক কারবারের প্রতিবাদ করায় আসামিরা পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে হত্যা করেছেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১২ জুন ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান। ২০১৯ সালের ১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচারক। বিচার চলাকালে এ মামলায় আদালত ২৫ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।























































