শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মামার লাশ দেখতে এসে ধর্ষণের শিকার ভাগ্নি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মামার মরদেহ দেখতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক শিশু (১৩)। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে নয়ারহাট গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার চাকলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মৃত মিন্টু মালোর ছেলে খগেন্দ্র মালো (৬০)। তিনি গোপীনাথপুর বারোয়ারী কালী মন্দিরের সভাপতি বলে জানা যায়।

জানা গেছে, বুধবার (২৬ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী শিশুর মামা মারা যান। পরে খবর পেয়ে মামা বাড়িতে আসেন তারা। এর দুদিন পর শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযুক্ত খগেন্দ্র কৌশলে ভুক্তভোগী শিশুকে ডেকে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনাটি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিবকে জানানো হয়। বিষয়টি মীমাংসা করবেন বলে পরবর্তীতে রোববার দিন ধার্য করেন তিনি।

এদিকে গত রোববার মেম্বার বিচার না করায় ভুক্তভোগী শিশুর মা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে খগেন্দ্র মালোকে গ্রেপ্তার করে।

২নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, শিশু ধর্ষণের একটি অভিযোগ আমার কাছে এসেছিল। প্রথমে আমি বিষয়টি যাচাই-বাছাই করার জন্য দুদিন সময় নেই। পরে আমি তাদেরকে থানায় যেতে বলি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে খগেন্দ্র মালোকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি