বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, সেমিতে পাকিস্তান


বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, সেমিতে পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২২

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশের জন্য এসেছিল সুবর্ণ সুযোগ। পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত সাকিবদের। তবে সেই ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ৫ উইকেটে।

তবে আজও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার বাংলাদেশ।
সাকিবের বিতর্কিত আউটকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। ব্যাটারদের ব্যর্থতায় স্কোর বড় হয়নি। না হলে পাকিস্তানকে চেপে ধরার সুযোগ ছিল। রান আটকানোর সঙ্গে উইকেট তুলে নিতে পারলেও মামুলি স্কোর তারা ১১ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই টপকে গেছে।

১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর-রিজওয়ানের ৫৮ রানের জুটিতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ওপেনিং জুটির বিদায়ের পর নওয়াজ-হারিসের জুটি অবদান রাখে বেশ খানিকটা। ৩১ রানের সেই জুটি ভাঙে নওয়াজের রান আউটে। তিনি ফেরার আগে ১১ বলে ৪ রান করেন।

তারপর শান মাসুদ-হারিস ২৯ রানের জুটিতে গড়ে জয়ের পথটা আরও সহজ করেছেন। হারিসকে বিদায় দিয়ে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। হারিস ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় ৩১ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। ইফতিখার আহমেদকে মোস্তাফিজ বিদায় করলেও ততক্ষণে জয়ের বন্দেরে পৌঁছানোর সব বন্দবাস্ত করে ফেলেন বাবর আজমরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শান্তর ৫৪ ও আফিফের ২৪ রানের ওপর ভর করে ১২৭ সংগ্রহ করে বাংলাদেশ। এদিনও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। তবে বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ৮ বলে ১০ রান করে শাহিন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন সাজঘরে। এর পরেই আসেন সৌম্য সরকার। দ্বিতীয় বলে ছয় মেরে রানের খাতা খোলেন তিনি। তবে তার পরই খেই হারান। ষষ্ঠ ওভারে নাসিম শাহ খরচ করেন মাত্র ২ রান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান।

১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭০ রান। ৩৬ বলে শান্তর ৪০, আর সৌম্যর ১৫ বলে ১৮ রান। ১১তম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ করে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। বিদায়ের আগে ১ চার ও ১ ছয়ে সৌম্যর সংগ্রহ ১৭ বলে ২০ রান।

পরের বলে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন সাকিব। বিদায় নেন প্রথম বলে। ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে মারতে গিয়ে বল লাগে পায়ে। পাকিস্তানের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন সাকিব, তাতে দেখা যায় বল পায়ে লাগার আগে ব্যাটে লেগেছে বল। মাটির সঙ্গে কোনো সংযোগ হয়নি ব্যাটের। তবে টিভি আম্পায়ার জানান ব্যাট মাটিতে লেগেছে। আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিবকে।

১৩তম ওভারে বিদায় নেন শান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৪৮ বলে ৫৪ রানে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ডেড ওভারে ১১ বলে মোসাদ্দেক করেন মাত্র ৫ রান। ৩ বলে শূন্য রানে আউট হন সোহান।

শেষ মুহূর্তে আফিফের ২৪ রানের সুবাদে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৭ রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি