শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজ ৫৫ কিশোর-তরুণরা গোপন আস্তানায় প্রশিক্ষণ নিচ্ছে : র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০২২

ডেস্ক রিপোর্টঃ

কথিত হিজরতের উদ্দেশে ঘরছাড়া ৫৫ কিশোর ও তরুণরা অনেকেই গোপন আস্তানায় সামরিক কলাকৌশল ও প্রশিক্ষণ নিচ্ছে বলে ধারণা করছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, নিখোঁজ ৫৫ কিশোর-তরুণের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের কেউ পরিবারকে বলেছে বিদেশে চাকরি হয়েছে, আবার কেউ বলেছে অন্য জেলায় চাকরি হয়েছে। এমন ধরনের সব কথা বলে মাঝে মাঝে তারা পরিবারের সঙ্গে যোগাযোগও করে।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা তাদের হিজরতের কৌশল সম্পর্কে বলেছে। কীভাবে তারা হিজরত করে, আসলে তারা কী কী জিনিস বহন করতে পারবে, কোন বিষয়গুলো তাদের সঙ্গে থাকা উচিত ইত্যাদি। আত্মগোপনে যাওয়া কিশোর ও তরুণরা অনেকেই সামরিক কলাকৌশল ও প্রশিক্ষণ নিচ্ছে।

নিখোঁজদের সন্ধানে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে র‌্যাব জানায়, দেশে এবং দেশের বাইরে তাদের চাকরি হয়েছে – এমন মিথ্যা তথ্য দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন তারা।

এ বিষয়ে বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী তরুণরাও নিরুদ্দেশ ছিল। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর আগেই গোয়েন্দাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, এরপর সেটা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সংস্থাকে জানানো এবং তারা যেন কার্যকর ব্যবস্থা নিতে পারে তার ব্যবস্থা করা দরকার। জঙ্গিরা যেন কোনো অঘটন ঘটাতে না পারে, তার ব্যবস্থা করা। হলি আর্টিজান ঘটনার আগে যে বাস্তবতা ছিল, সেটাতে ঘাটতি ছিল; যাদের সেটা মোকাবিলা করার কথা ছিল তাদের ব্যর্থতা ছিল। তবে হলি আর্টিজানের পরে আমাদের অনেক সাকসেস স্টোরি আছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৩২ দিন পার্বত্য অঞ্চলে চারটি অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কথিত হিজরতের উদ্দেশে ঘরছাড়া কিশোর-তরুণদের সন্ধান পায় র‌্যাব। এসব অভিযানে কুমিল্লা থেকে আত্মগোপনে যাওয়া কয়েক তরুণসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গত ১০ অক্টোবর ৩৮ জনের একটি তালিকা প্রকাশ করে র‌্যাব। ২১ অক্টোবর আরও ১৭ জনের তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে মোট নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ৫৫। এদের মধ্যে কোন জেলা থেকে কতজন নিখোঁজ হয়েছে, তাদের নাম-ঠিকানসহ সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি