ডেস্ক রিপোর্ট:
শখের বসে হেলিকপ্টারে করে বিয়ে করেছেন। আর সেজন্য ৪ ঘণ্টায় গুনতে হয়েছে ২ লাখ টাকা। সম্প্রতি এমনই একটি বিয়ে হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর কালীঘাট রোডের চলন্তিকা মাঠ থেকে মা-বাবাকে নিয়ে হেলিকপ্টার যোগে কনে আনতে যান পোল্যান্ড প্রবাসী রাজু আহমেদ দোলন। তিনি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগমের বড় ছেলে। তার বিয়ের আয়োজন করা হয় শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে। সেখানে আমন্ত্রিত অতিথি এসেছিলেন প্রায় চারশত জন।
এর আগে হেলিকপ্টারটি চলন্তিকা মাঠে অবতরণ করলে শতাধিক স্থানীয় লোক ভিড় জমায় এক পলক দেখার জন্য। এ সময় ছোট্ট শিশুদের দেখা গেছে, হাত নেড়ে হেলিকপ্টারকে স্বাগত জানাতে।
জানা গেছে, পোল্যান্ড প্রবাসী রাজু কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি জমান। সেখানে ব্যবসার ওপর ডিপ্লোমা করে পোল্যান্ডে যান তিনি। সেখানে গিয়ে প্রথমে একটি রেস্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন। বর্তমানে পোল্যান্ডে চারটি রেস্টুরেন্টের মালিক তিনি।
রাজুর স্ত্রী আছমা আক্তার ইতি। তিনি একই এলাকার মুসলিমবাগের বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের ছোট মেয়ে। বিয়েতে তাকে ১৫ ভরি সোনার গহনা দেওয়া হয়েছে। রাজু জানান, তার বিয়েতে সব মিলিয়ে খরচ হয়েছে ২৫ লাখ টাকার মতো।


















































