শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

নেত্রকোণার কেন্দুয়ায় এক বছরের সাজা এড়াতে ২৭ বছর ধরে পালিয়ে থাকা তরিকুল ইসলাম (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে নেত্রকোণা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার ইচুলিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের এপ্রিলে তরিকুল কেন্দুয়া পৌর শহরের একটি বাসায় চুরি করেন। পরে বাড়ির মালিক তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। ওই বছরের নভেম্বরে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরের বছরের জানুয়ারিতে আদালত ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন। কিন্তু মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এক বছরের সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২৭ বছর পলাতক থেকে বিভিন্ন স্থানে ফেরি করে পণ্যসামগ্রী বিক্রি করছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি