মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডিবির গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলা চেষ্টার ঘটনায় ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, গুলিবিদ্ধ ২৯ বছর বয়সী যুবক আবু ইউসুফ বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

তিনি বলেন, সোমবার মধ্যরাতে ডিবির একটি টিম বুড়িচং থানার নিমসারসংলগ্ন আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়ারচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে গাড়ি থামানো হয়। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের ধানখেত থেকে সাত-আট সদস্যের সশস্ত্র ডাকাতদল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে তাদের লক্ষ্য করে গুলি করে।
তিনি আরও বলেন, তখন ডিবি পুলিশ পাল্টা গুলি করলে ডাকাতদল দিগ্বিদিক পালাতে থাকে। গুলির ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় স্থানীয় বাসিন্দা ও ডিবি পুলিশ সড়কের পাশের ধানখেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি ছেনি, একটি কিরিচ, একটি লোহার রড ও কার্তুজ উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি