ডেস্ক রিপোর্ট:
রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।
ডা. জাহিদ আরও বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা মৌখিক অনুমতি দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করব। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।

























































