ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা লালমাই উপজেলায় ছেলের শাবলের আঘাতে মা খুন হয়েছেন। শনিবার উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরজাহান বেগম (৫৫)। তিনি ওই গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী। ঘাতক তারই ছেলে নুরে আলম সবুজ (৩২)।
লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেন মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম বলেন. কয়েকদিন আগে সৌদি থেকে দেশে আসে ঘাতক নুরে আলম। ২ বছর সৌদি থাকলেও দেশে টাকা পাঠাতে পারেনি। বিদেশ থেকে দেশে এসে একবার বাবা কামাল হোসেন রাজা মিয়াকেও মারধর করেন। ঘটনার দিন দুপুরে মামার বাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে মামা, মামাতো বোনকে পেটাতে থাকে নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই ও ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় নুরে আলম সবুজ তার হাতে থাকা শাবল দিয়ে মা নুরজাহানকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নুরে আলম সবুজ বাড়ি এসে কাপড় নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।


















































