শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা করেছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন। গতবছর তিনি ৪৩তম স্থানে ছিলেন।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মাঝ থেকে ১০০ জনকে বেছে নিয়ে গত মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

গত বছর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। এ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানের একধাপ উন্নতি ঘটেছে। তারও আগে ২০২০ সালে ফোর্বসের এই তালিকায় ৩৯তম স্থানে ছিলেন তিনি।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শেখ হাসিনার বিষয়ে ফোর্বস উল্লেখ করেছে, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভের পর তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদও। ‘

এতে আরও উল্লেখ করা হয়, ‘তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তার মতো বিষয়গুলোতে আরও ফোকাস করার পরিকল্পনা করেছেন। ফোর্বস জানায়, ‘বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা শেখ হাসিনার একটি চলমান সংগ্রাম। ‘

তালিকার ৩৬তম স্থানে আছেন ভারতের নির্মলা সীতারামণ। তিনিসহ ভারতের ৬ জন এ তালিকায় জায়গা করে নিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি