ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই শিশুর নাম আদিল। তার বয়স চার বছর। সে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবু তৈয়বের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় আদিলের মা নাস্তা তৈরির জন্য কড়াইয়ে তেল দেন। এ সময় আদিল দৌঁড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনার পাঁচদিন পর আজ তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন বলেন, ‘গরম তেলে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের কারও কোনো অভিযোগ নেই, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।’


























































