ডেস্ক রিপোর্ট:
বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এতো দিন রাজধানীতে এই কর্মসূচি পালন করলেও এবার সেটিকে তৃণমূলে নেওয়া হচ্ছে।
ইউনিয়ন পর্যায়ের শান্তি সমাবেশকে বেশ গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দলটি। ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতাদের ৪০টি ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের নির্ধারিত জেলায় কমপক্ষে একটি ইউনিয়নে শান্তি সমাবেশে অংশ নেবেন।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং জনপ্রতিনিধিরা অংশ নেবেন।
সভা সূত্রে জানা যায়, বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।























































