ডেস্ক রিপোর্ট:
ঢাকার গুলশান-২ এ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, যিনি আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েছিলেন। নিহতের নাম মোহাম্মদ রাজিব ওরফে রাজু (৩৫)। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।
গতকাল রোববার রাতে রাজুকে গুরুতর আহত অবস্থায় গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জান।
মোহাম্মদ রাজিব ওরফে রাজুর বাড়ি গাজীপুর কালীগঞ্জে। গুলশানের ওই ভবনের ১২তলায় একমি গ্রুপের পরিচালক ও আবাহনী ক্রিকেট একাডেমির পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ করতেন তিনি।
এর আগে আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে মারা যান আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক। তিনিও ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ করতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ জানান, আহতদের কয়েকজনকে নেওয়া হয়েছিল ওই ভবনের কয়েক বাড়ি পরে শিকদার হাসপাতালে। তাদের মধ্যে রাজুকে আইসিইউতে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান।
আর ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমানকে আহত ও দগ্ধ অবস্থায় রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজুর ছোট ভাই সজীব জানান, তারা রাতেই ভাইয়ের মরদেহ গাজীপুর কালীগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কালীগঞ্জের নাগরি গ্রামে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।























































