ডেস্ক রিপোর্টঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গলাকাটা অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) ঘাটাইল থানার ইনচার্জ আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১ মার্চ) উপজেলার পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে জাহিদ। তিনি সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয় জাহিদ। এরপর সংবাদ আসে পাঁচটিকড়ি এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে।
লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, বুধবার রাত ৮টায় পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে সংবাদ দেন। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
আজাহারুল ইসলাম জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।


















































