কুবি প্রতিনিধিঃ
সকাল আটটা ২০ মিনিট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী একা তালুকদার দাঁড়িয়ে আছেন কুমিল্লা শহরের শাকতলা রোডের মাথায়, অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের বাস ‘নীল পদ্ম’-র জন্য। বাসটি নির্দিষ্ট সময়ে সেখানে এসে দাঁড়ালো। ধাক্কাধাক্কি করে কোনোমতে বাসে উঠলেন। কাঁধে ব্যাগ নিয়ে বাসের হাতল ধরে ঝুলতে ঝুলতে এলেন ক্যাম্পাসে। এই চিত্র প্রতিদিনের।
শুধু একা তালুকদার নন, উনার মতো অসংখ্য শিক্ষার্থীকে বাসের দরজায় ঝুলে প্রতিদিন সকাল-বিকাল ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের কারণে মাসের পর মাস এই ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারের বেশি। তাদের জন্য রয়েছে পাঁচটি আবাসিক হল। যার মধ্যে মেয়েদের জন্য দুইটি এবং ছেলেদের জন্য তিনটি। আবাসিক হল পর্যাপ্ত না থাকায় শিক্ষার্থীদের থাকতে হয় মেস অথবা কুমিল্লা শহরের বিভিন্ন হোস্টেলে। ফলে শিক্ষার্থীদের বৃহৎ অংশ কুমিল্লা শহর থেকে যাতায়াত করেন। আর সেই যাতায়াত তাদের নির্ভর করতে হয় বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ওপর। ক্যাম্পাসে আনা-নেওয়ার জন্য নিজস্ব বাসের সংকট থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়া বাসের ব্যবস্থা করেছে। কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ বিষয়ে শিক্ষার্থী একা তালুকদার বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে বাসগুলো ছাড়ে কান্দিরপাড়, পুবালী চত্ত্বর থেকে। বাস তো ওখানেই ভর্তি হয়ে যায়। শাকতলা বা টমছমব্রীজ থেকে সিট পাওয়া যায় না। আমি অনেক সময় এমন ভাবে যেতে হয় যে সেইফলি দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাই না। তখন কোনোমতে দাঁড়িয়ে ক্যাম্পাসে যাই।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বাসের সংখ্যা ১৭টি। এর মধ্যে আটটি (৮) বিশ্ববিদ্যালয়ের (নীল বাস) বাকি নয়টি (৯) ভাড়া করা (লাল বাস)। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলে না চালক সংকটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেক ভোগান্তির নাম লাল বাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া করা নয়টি (৯) লাল বাস। বাসগুলো পরিদর্শন করে দেখা যায় সেটির কোনোটির দরজা ভাঙা, কোনোটির জানালায় সমস্যা। আবার কোনোটি দিয়ে বৃষ্টির সময় পানি পরে।
লাল বাসের বিষয়ে জিজ্ঞেস করলে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানায়, আমাদের যে লাল বাস এগুলোর ফিটনেস নিয়ে প্রশ্ন করা যায়। প্রায়শই দেখা যায় বাসগুলো মাঝপথে বন্ধ হয়ে যায় তারপর শিক্ষার্থীদের হয়তো অন্যবাসের জন্য অপেক্ষা করতে হয় নয়তো সিএনজির ভাড়া গুনতে হয়।
তাছাড়াও বাসে যাতায়াত করেন এমন প্রায় দশজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি নতুন সেশনের ক্লাস শুরু হওয়ায় বাসের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর সকালে ক্লাস থাকায় চাপ প্রচুর বেড়েছে। আমরা বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে আসা-যাওয়া করি। সকালের শেষ বাস এবং রাতের শেষ বাসে মাঝেমধ্যে এতটাই চাপ থাকে, উঠার পরিস্থিতি থাকে না। ফলে সিএনজিতে যাতায়াত করতে বাধ্য হই।’
বাসে যাতায়াত করা শিক্ষার্থীরা আরও জানান, বাসের সংখ্যা কম হওয়ায় দূরের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বেশিরভাগ শিক্ষার্থীকে বাসের ভেতর গাদাগাদি করে দাঁড়িয়ে কিংবা দরজায় ঝুলে ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হয়। কখনো কখনো সীট রাখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে চলে বিভিন্ন বাকবিতন্ডা।
বিশ্ববিদ্যালয়ের এক বাসচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাসের সংকট থাকায় শিক্ষার্থীরা বাসে ধাক্কাধাক্কি এবং কষ্ট করে দাঁড়াতে থাকে। অনেকসময় হুট করে জোরে ব্রেক করতে তখন দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা একজন আরেকজনের উপরে এসে পরেন, এতে উনারা আমার উপর ক্ষিপ্ত হন। কিন্তু আসলে এদিকে আমাদের কিছুই করার নেই।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেকশন অফিসার জাহিদুল আলম দীর্ঘদিন ধরে চালক সংকট সমস্যা সমাধান হচ্ছে না কেনো? এই প্রশ্নের উত্তরে বলেন, সার্কুলার করা হয়েছে ড্রাইভার নিয়োগের জন্য। প্রশাসন সেই সার্কুলারে নিয়োগ দিলেই সবগুলো বাস চলবে এবং রাতে ও সকালে বাসের সংখ্যা বাড়ানো হবে।
বিআরটিসির বাসের সমস্যার কথা বললে তিনি বলেন, বিআরটিসির বাসের যদি কোনো সমস্যা শিক্ষার্থীরা অফিসে জানায় তাহলে সেটি বিআরটিসির ম্যানেজারের সাথে কথা বলে সমাধান করা হয়। তবে বাস মাঝপথে আটকে যাওয়ার যে বিষয়টা এটা আসলে কেনো হয় তার কোনো নির্দিষ্ট কারণ বলা যায় না। কারণ এটা ড্রাইভারদের ইচ্ছাকৃতও হতে পারে আবার বাসগুলোর বেশি ট্রিপ মারার জন্যও হতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোহা. হাবিবুর রহমানকে শিক্ষার্থীদের বাসের সমস্যা সমাধানের বিষয় বলাতে তিনি বলেন, শিক্ষার্থী বাড়াতে যেহেতু বাসের সমস্যা হয়েছে তাই আমি বাস বাড়াতে পরিবহন পুলের সাথে কথা বলবো। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সে সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে যেভাবে সমস্যা সমাধান করা যায় সেভাবেই করার চেষ্টা করবো।


























































