শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্ত্রীকে মেনে না নেয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


স্ত্রীকে মেনে না নেয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ইমতিয়াজ আহমেদ আদর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মৃত আদর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাবা-মা গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় থাকেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আদরের ফুপাতো ভাই মো. রিফাত জানান, মধ্য বাড্ডার একটি বাসায় স্ত্রী নুসরাত সুলতানাকে নিয়ে থাকতেন আদর। কয়েক মাস আগে পরিবারকে না জানিয়ে একাই বিয়ে করেন আদর। বিয়ের পর তার স্ত্রীকে মেনে না নেয়ায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ কারণে আদর ভোরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় রেখে গলায় ফাঁস দিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন স্ত্রী নুসরাত সুলতানা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি