বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে ভুয়া পুলিশ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিক্সায় ঘোরার সময় মো. সাগর হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল মান্নান।

মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, কিছুদিন পূর্বে সারা দেশে পুলিশ কনস্ট্রেবল নিয়োগে তার চাকরি হয়েছে বলে বান্ধবীকে জানায়। এ সময় পুলিশের পোশাক পরে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকরি দিবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। ইতিমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সকল কাগজপত্রও নিয়ে নেয় সে। ওই বান্ধবীর সঙ্গে চলা ঘনিষ্ট সম্পর্কের অপর বান্ধবীকেও ওই চাকরি দিবে বলে শুক্রবার পোশাক পরে চান্দিনায় আসে সাগর হোসেন।

বান্ধবীকে নিয়ে রিক্সায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করেন ওই যুবক।

তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছে ওই যুবক। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি