রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতাল থেকে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহীর মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়েজ উদ্দিন এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মৌসুমি বেগম (২৬) ও তার স্বামী সজীব আহম্মেদ (২৯)।

মামলার সূত্র থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জানুয়ারি রামেক হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবির স্ত্রী। সন্তান জন্মের পরের দিন রাত ১০টায় একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি। এ ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় মৌসুমি ও সজীবকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ ঘটনায় ২০২১ সালের ২৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। একই বছরের ৯ সেপ্টেম্বর চার্জশিট হয়েছে।

মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি