ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ঈদুল ফিতরের আগে আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) শেষ কর্মদিবস। পরদিন বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের সরকারি ছুটি। এর পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশে ছুটি। আর শুক্রবার থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি।
এ বছর রোজা ২৯টি হলে ঈদ উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসাবেই সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।
তবে রোজা যদি ৩০টি হয়, তাহলে ঈদ হবে রোববার (২৩ এপ্রিল)। সেক্ষেত্রে ঈদের ছুটি একদিন বাড়বে। অর্থাৎ সোমবার ২৪ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি থাকবে।
ঈদ শনিবার হলে এ বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করবেন ৫ দিন, আর ঈদ রোববার হলে সেক্ষেত্রে তারা ঈদের ছুটি পাবেন ৬ দিন।
এর আগে গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। পরদিন মঙ্গলবার ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।



















































