শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মৌসুমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী রাসেল মিয়া তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

গতকাল বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের হিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মৌসুমি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে।

নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, সাত বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রাসেল মিয়ার সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন আগে রাসেল পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্ত্রী মৌসুমি তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল মৌসুমিকে নির্যাতন করত। একপর্যায়ে গতকাল বুধবার রাতে ঈদের কাপড় কেনাকাটা করে দেওয়ার কথা বলে মৌসুমিকে মার্কেটে নিয়ে যায় রাসেল। পরে সোনারগাঁও হিংলাব এলাকার নির্জন স্থান থেকে মৌসুমিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মৌসুমির ভাই সাজ্জাদ।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি