সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদকসেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ী খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৬ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উনকুট উত্তর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবদুল মালেক (৫০)। আটক হওয়া ব্যক্তি একই এলাকার প্রবাসী কবির আহম্মেদের ছেলে বাহার।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে মাদক সেবনের উদ্দেশ্যে বাহার মালেকের দোকানের পেছনে যান। এ সময় বিষয়টি টের পেয়ে মালেক তাকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করার সময় বাহার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে বাহার পালিয়ে যান। পরে স্থানীয়রা মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু জানান, বেশ কিছু দিন আগে মাদক সেবনে বাধা দেন মালেক। বুধবার রাতে দোকান বন্ধ করার সময় মাদকাসক্ত বাহার ছুরি দিয়ে তাকে আকস্মিকভাবে আঘাত করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বুধবার রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এ ঘটনায় একই দিন রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি