ডেস্ক রিপোর্ট:
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) ও ফরিদ মিয়ার ছেলে মোঃ মারুফ ওরফে ইমন (২১)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ বিশ্বাস।
তিনি জানান, দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে বিজয়নগর থানাধীন শ্যামলীঘাট এলাকায় মোটর সাইকেলটি মাধবপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিপন ও মোঃ মারুফ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় দু’জনই মারা যায়। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


















































