ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে (৪০) বোরকা পরে এসে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি (নোয়াগাঁও) গ্রামের ফজলুল হকের ছেলে।
রবিবার (৩০ এপ্রিল) রাত ৮ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই পরিবারের লোকজন তাকে ঢাকা নিয়ে গেছে।
এ ঘটনার পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।


















































