শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিরাট বিতর্কে জড়িয়ে কড়া শাস্তি পেলেন কোহলি-গম্ভীর


বিরাট বিতর্কে জড়িয়ে কড়া শাস্তি পেলেন কোহলি-গম্ভীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২৩

স্পোর্টস ডেস্ক:

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর লড়াই। ঘরের মাঠে লখনউকে হারায় ব্যাঙ্গালোর। এবার গোপন সেই উত্তেজনা সোমবার ম্যাচ শেষে মাঠেই দেখলেন দর্শকরা। কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর ও বিরাট। এজন্য শাস্তিও পেতে হল তাঁদের। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হল। বাদ গেলেন না নবীন উল হকও।

সোমবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ এবং ব্যাঙ্গালোর। সেই ম্যাচ শেষে বিরাট, গম্ভীরদের বচসাকে ভাল চোখে দেখেননি আইপিএল কর্তৃপক্ষ। তাঁদের তরফে বলা হয়, “আইপিএলের নিয়ম ভেঙেছেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। গম্ভীর সেই শাস্তি মেনে নিয়েছেন। বিরাট কোহলিও আইপিএলের নিয়ম ভেঙেছেন। তাঁরও ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। বিরাটও সেই শাস্তি মেনে নিয়েছেন।” আফগানিস্তানের পেসার নবীনও শাস্তি পেয়েছেন। তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

কী ঘটেছিল সোমবার? ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লখনউয়ের একটা করে উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান। স্ত্রী অনুষ্কা শর্মার দিকে চুমুও ছুড়তে দেখা যায় তাঁকে। আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভাল ভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার।
পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেন। তার পরেই বিবাদ বেড়ে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দু’জনেই দিল্লির। লখনউয়ের স্পিনার অমিত মিশ্র ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তাঁরা কোহলি, গম্ভীরকে ভাল ভাবে চেনেন। তাঁরাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে আলাদা করেন। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি