ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। নিহত আবুল বাশার (৪০) উপজেলার ৩ নং পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদের ছেলে। বুধবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ির চাচাতো ভাই ফয়েজ উল্লাহ (৪৫) এর সাথে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বুধবার (৩ মে) দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে ফয়েজ উল্লাহর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে। এ সময় রাফি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে বাশার অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে


















































