বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার যুবলীগ নেতা জামাল হত্যার ৩ আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতাকে হত্যার সাত দিনের মাথায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া হত্যাকারীদের পরিহিত বোরকাও জব্দ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় কুমিল্লা নগরীর শাকতলায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।

তিনি বলেন, ‘মামলার এজাহারভূক্ত ৩ নম্বর আসামি মো. ইসমাইল, ৪ নম্বর আসামি মো. শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার ও ৭ নম্বর আসামি শাহ আলম ওরফে পা কাটা আলমকে শনিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ, ঢাকার রায়পুর ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।

 

তিনি আরও জানান, ইতোমধ্যে এ মামলার ১ নং ও ২ নং আসামি নেপালে, ৫ নং আসামি দুবাই, ৬নং আসামি ভারত, ৮ নং আসামি সৌদি আরব পালিয়ে গেছে।

উল্লেখ, গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকার মসজিদ গলিতে জামাল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

হত্যাকাণ্ডের দুইদিন পর ২ মে রাত সাড়ে ১১টায় জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি