ডেস্ক রিপোর্ট:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কার্গো হোল থেকে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।
কাস্টম সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। অতরপর বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো।
জানা যায়, বিমানটির ভেতরে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা এবং সেগুফতা মাহজাবিনের নির্দেশে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। আটক স্বর্ণের বার বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।





















































