ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার রেললাইনের ওপর থেকে রৌশন বিনতে শফিক (৪২) নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) সকালে লাকসাম পৌরসভার রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রৌশন বিনতে শফিক লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ২০১৫ সালে স্বামীর সাথে ডিভোর্স হয় নিহত শিক্ষকের। হতে পারে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটির সামনে ওই শিক্ষক ঝাঁপ দেন বলে জানা যায়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
জসিম উদ্দিন খন্দকার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারব না। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

















































