মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী কিশোর নিহত হয়েছে। রবিবার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই এসএসসি পরীক্ষার্থী হলো, পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দু’জনই পাটকেলঘাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। তারা রবিবারের পরীক্ষায়ও অংশ নিয়েছিল।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পালসার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানা গেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে কিশোর দু’ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপ্টা হয়ে গেছে। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি