ডেস্ক রিপোর্ট:
সামনে সয়াবিন তেলের দাম আরো কমতে পারে। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম কমলেই সমন্বয় করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বলেছেন, অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পাঁচ কেজি চাল দেবে বলেও জানান তিনি। ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে রবিবার প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল ১৯৯ টাকা।
রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান। এই দাম সেদিন থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। বলেন, খোলা তেলের দাম কমিয়ে লিটার প্রতি ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি জানান, আমরা হয়ত আরও ১৫ দিন পর চেষ্টা করবো তেলের দাম আরও কমানো যায় কি না।
চীন থেকে আমদানি হঠাৎ বন্ধ হওয়ায় আদার আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না জানিয়ে সিনিয়র সচিব বলেন, তাই আদার দাম খুব দ্রুত কমছে না। আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমলেও দেশের বাজারে দাম কমতেও সময় লাগবে। ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, যদিও এখনও ৩০ হাজার টন মতো দেশের বাজারে এসেছে। ফলে পুরো ৫ লাখ টন বাজারে ঢুকলে পেঁযাজের দাম আরও কমবে বলেও জানান তপন কান্তি ঘোষ



















































